পাকিস্তানে ৫.৩ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান এবং আজাদ কাশ্মীরসহ বিভিন্ন এলাকায় এই ভূকম্পন অনুভূত হয়। শক্তিশালী এই কম্পনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) বরাত দিয়ে ডন নিউজ জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীরের গিলগিট থেকে ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১২ কিলোমিটার গভীরে। স্বল্প গভীরতার এই কম্পনের ফলে ভূপৃষ্ঠে তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
পিএমডি-র বিবৃতিতে আরও বলা হয়, গিলগিট, স্কার্দু, পাত্তান, বালাকোট ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ঘরবাড়ি কেঁপে উঠলে আতঙ্কিত মানুষ খোলা জায়গায় বেরিয়ে আসেন।
ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা। দেশটি আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়- এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত। একাধিক ফল্ট লাইন থাকায় দেশটিতে ঘন ঘন টেকটোনিক নড়াচড়া ঘটে, যা প্রায়ই ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়ায়।
এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তানে ৫.৬ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প হয়েছিল, যার প্রভাবে রাজধানী ইসলামাবাদ এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশ কেঁপে উঠেছিল। সূত্র: ডন
উপসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে সাহায্য করবে পাকিস্তান 
