পাকিস্তানের সামরিক অভিযানে আফগানিস্তানে নিহত ৭৯৬

চলমান সামরিক অভিযান ‘অপারেশন গজব লিল হক’-এ আফগান তালেবান বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, এ অভিযানে এখন পর্যন্ত ৭৯৬ তালেবান সদস্য নিহত এবং এক হাজার ৪৩ জন আহত হয়েছে। খবর জিও নিউজের।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, আফগান তালেবান শাসকদের অন্তত ২৮৬টি সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি আরও ৪৪টি গুরুত্বপূর্ণ ঘাঁটি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

পাকিস্তানের তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, কাবুলভিত্তিক তালেবান প্রশাসনের উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জামও ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান এবং ড্রোনসহ অন্তত ২৪৯টি সামরিক সরঞ্জাম পাকিস্তানের অভিযানে ধ্বংস হয়েছে।

তবে পাকিস্তানের এসব দাবির বিষয়ে আফগান তালেবান প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: জিও নিউজ