পাবলোর ৮০টি 'কোকেন জলহস্তী' বাঁচাতে আম্বানিপুত্রের প্রস্তাব

কলম্বিয়ার বিতর্কিত ‘কোকেন জলহস্তী’ ইস্যুতে নাটকীয় মোড় এনেছেন ভারতের ধনকুবের পরিবারের উত্তরসূরি অনন্ত আম্বানি। সরকার যেখানে ৮০টি জলহস্তী নিধনের পরিকল্পনা করছে, সেখানে তিনি এগুলোকে ভারতে এনে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

এই জলহস্তীগুলোর শিকড় গিয়ে মেলে কুখ্যাত মাদক সম্রাট পাবলো এস্কোবার-এর ব্যক্তিগত চিড়িয়াখানায়, যিনি ১৯৮০-এর দশকে এগুলো কলম্বিয়ায় এনেছিলেন। সময়ের সঙ্গে তাদের সংখ্যা বেড়ে এখন প্রায় ১৬০-এ দাঁড়িয়েছে, যা স্থানীয় বাস্তুতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে কলম্বিয়া সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে ৮০টি জলহস্তী নিধনের সিদ্ধান্ত নেয়। তবে সেই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে আম্বানি বলেন, এসব প্রাণী নিজেদের জন্মপরিস্থিতির জন্য দায়ী নয়, তাই তাদের বাঁচানোর সুযোগ থাকলে তা গ্রহণ করা উচিত।

তিনি প্রস্তাব দিয়েছেন, ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত ভান্তারা-তে এসব জলহস্তীকে স্থানান্তর করা হোক। এই সংরক্ষণকেন্দ্রে ইতোমধ্যে দুই হাজারের বেশি প্রজাতির দেড় লাখেরও বেশি প্রাণী রয়েছে। ভান্তারার পক্ষ থেকে জানানো হয়েছে, জলহস্তীগুলোর জন্য তাদের বর্তমান আবাসস্থলের মতো পরিবেশ তৈরি করে দীর্ঘমেয়াদি যত্ন নেওয়া হবে। প্রয়োজনে আন্তর্জাতিক অনুমোদন, বায়োসিকিউরিটি ও জটিল লজিস্টিক প্রক্রিয়া মেনে স্থানান্তর কার্যক্রম পরিচালিত হবে।

এ প্রস্তাব পাঠানো হয়েছে কলম্বিয়ার পরিবেশমন্ত্রী আইরিন ভেলেজ টরেস-এর কাছে। যদিও এখনো সরকারিভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো-এর প্রশাসন বলছে, অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকা এই আক্রমণাত্মক প্রজাতি দমন না করলে ২০৩০ সালের মধ্যে সংখ্যা ৫০০ ছাড়াতে পারে, যা মানাটি ও নদীর কচ্ছপের মতো দেশীয় প্রাণীর জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। সূত্র: সিএনএন