মিশরে সাপুড়ের খেলা দেখতে গিয়ে পর্যটকের মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পিএম

মিশরে আনন্দময় ছুটি কাটাতে গিয়ে এক ভয়াবহ ও বিচিত্র দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন এক জার্মান পর্যটক। সাপুড়ের খেলা দেখার সময় একটি বিষধর কোবরা ওই পর্যটকের প্যান্টের ভেতরে ঢুকে কামড় দেয়। চোখের পলকে শরীরে বিষ ছড়িয়ে পড়ায় হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বুধবার (২৯ এপ্রিল) ফক্স নিউজের এক প্রতিবেদনে এই লোমহর্ষক ঘটনার বিস্তারিত জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে মিশরের লোহিত সাগর উপকূলের জনপ্রিয় পর্যটন শহর হুরঘাদার (Hurghada) একটি বিলাসবহুল রিসোর্টে। গত এপ্রিলের শুরুতে বাভারিয়ান অঞ্চলের ৫৭ বছর বয়সী এক জার্মান নাগরিক তার পরিবারের সঙ্গে সেখানে ছুটি কাটাতে গিয়েছিলেন। হোটেলের বিনোদনমূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত একটি সাপুড়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, অনুষ্ঠান চলাকালে সাপুড়ে দুটি বিশাল কোবরা বা গোখরা সাপ দর্শকদের খুব কাছে নিয়ে আসেন এবং কারো কারো গলায় পেঁচিয়ে দিচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি সাপ ওই পর্যটকের কাপড়ের ভেতর ঢুকে পড়ে এবং তার পায়ে কামড় বসায়।

কামড় খাওয়ার সাথে সাথে পর্যটকের শরীরে তীব্র বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয় এবং তিনি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। হোটেলের কর্মীরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, কোবরার বিষ অত্যন্ত দ্রুত তার স্নায়ুতন্ত্রকে অকেজো করে দিয়েছিল, যার ফলে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

জার্মানির বাভারিয়ান রাজ্য পুলিশ গত সোমবার এই ঘটনার বিস্তারিত প্রকাশ করেছে। তারা জানিয়েছে, মৃত পর্যটক জার্মানির উন্টারআলগাউ অঞ্চলের বাসিন্দা ছিলেন। জার্মানির মেমিঙ্গেন পাবলিক প্রসিকিউটর অফিসের নির্দেশনায় এবং ক্রিমিনাল পুলিশ ইনস্পেক্টরেট এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো হাতে পাওয়া যায়নি।

লোহিত সাগরের তীরে অবস্থিত হুরঘাদা বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। তবে একটি পাঁচতারা হোটেলের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এমন অসতর্কতামূলক অনুষ্ঠানে পর্যটকের প্রাণহানির ঘটনায় অন্যান্য পর্যটকদের মধ্যেও আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্র: ফক্স নিউজ

NB
আরও পড়ুন
সর্বশেষপঠিত