পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের প্রেক্ষাপটে রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পার করে ভূমিধস জয়ের পথে থাকায় এক ফেসবুক পোস্টে মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে।’
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৫টি আসনে এগিয়ে থেকে ম্যাজিক ফিগার অনেক আগেই পার করে ফেলেছে। অন্যদিকে, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মাত্র ৮২টি আসনে এগিয়ে আছে। গতবারের তুলনায় তৃণমূলের আসন সংখ্যা এক ধাক্কায় ১৩২টি কমে গেছে।
দল এমন বড় জয়ের পথে থাকা অবস্থায় মোদি ফেসবুকে লেখেন, ‘২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটি জনগণের জয় এবং বিজেপির সুশাসনের রাজনীতির বিজয়। আমি পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের কাছে মাথা নত করছি।’
প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ‘বাংলার মানুষ বিজেপিকে এক অভাবনীয় ম্যান্ডেট দিয়েছেন। আমি তাদের আশ্বস্ত করছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সম্ভাব্য সবটুকুই করবে। আমরা এমন একটি সরকার উপহার দেব যা সমাজের প্রতিটি স্তরের মানুষের মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করবে।’
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস দাবি করেছিল তারা চতুর্থবারের মতো ক্ষমতায় আসবে। কিন্তু ফলাফল বলছে ভিন্ন কথা। ভোটাররা পরিবর্তনের পক্ষে রায় দেওয়ায় মমতার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলার বিভিন্ন প্রান্তে ইতোমধ্যে গেরুয়া আবির মেখে বিজয় উল্লাসে মেতেছেন বিজেপি কর্মী-সমর্থকরা। মোদির এই বার্তা সেই উল্লাসে নতুন মাত্রা যোগ করেছে।