‘খেলা শেষ’, তৃণমূলকে বিজেপির বার্তা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৪:৫২ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে চরম উপহাস করলো বিজেপি। ২৯৩টি আসনের মধ্যে বর্তমানে প্রায় ১৯২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মাত্র ৯৪টি আসনে এগিয়ে আছে। দুই প্রধান প্রতিপক্ষের মধ্যে আসনের ব্যবধান এখন প্রায় ১০০।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘খেলা শেষ’ (Game Over) লিখে বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। ২০২১ সালের নির্বাচনে তৃণমূলের জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’-এর পাল্টা হিসেবেই গেরুয়া শিবিরের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।

পরাজয়ের মেঘ ঘনীভূত হলেও এখনই হাল ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বিজেপি-র এই এগিয়ে থাকাকে ‘সুপরিকল্পিত কৌশল’ হিসেবে অভিহিত করেন। তৃণমূল সুপ্রিমোর দাবি, অনেক জায়গায় ষড়যন্ত্র করে গণনা বন্ধ রাখা হয়েছে এবং বিজেপি নিজেদের এগিয়ে থাকার খবর আগেভাগে প্রচার করে কর্মীদের বিভ্রান্ত করছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুতর অভিযোগও তুলেছেন। তার দাবি, ‘কল্যাণীতে সাতটি ইভিএম মেশিনে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে, যেখানে কাস্টিং ভোটের সঙ্গে ফলাফলের কোনো মিল নেই।’ এছাড়া সুপরিকল্পিতভাবে ভোট লুট এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে তৃণমূল কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগও করেন তিনি।

দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে মমতা বলেন, ‘মন খারাপ করবেন না। মাত্র কয়েক রাউন্ড গণনা হয়েছে। ১৮-১৯ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করুন। সূর্যাস্তের পর বাঘের বাচ্চার মতো লড়াই করে জয় আমাদেরই হবে। ওয়েট অ্যান্ড সি।’

তবে মমতার এই আশাবাদের বিপরীতে মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাজ্যের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। ঢাক-ঢোল পিটিয়ে এবং আবির খেলে ইতোমধ্যেই বিজয় মিছিল শুরু করে দিয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯২ আসনে এগিয়ে থাকার পর বিজেপির জয় এখন কেবল সময়ের ব্যাপার।

FJ
আরও পড়ুন