পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা ঘিরে রাজ্যজুড়ে বইছে টানটান উত্তেজনা। সোমবার (৪ মে) সকাল থেকেই অধিকাংশ আসনে বিজেপি এগিয়ে থাকার খবর আসতেই গেরুয়া শিবিরের কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দেয়। তবে এই উন্মাদনা অনেক জায়গায় উত্তেজনায় রূপ নিয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁকে ঘিরে চরম বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি সমর্থকেরা।
বিকেল সাড়ে ৩টার কিছু পর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্রে পৌঁছালে সেখানে অবস্থানরত বিজেপি কর্মীরা মারমুখী হয়ে ওঠেন। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মমতার গাড়ি দেখা মাত্রই বিজেপি সমর্থকেরা ‘চোর-চোর’ এবং ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দায়িত্বরত পুলিশ সদস্যদের।
জানা গেছে, মমতার পৌঁছানোর আগে থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। গণনাকেন্দ্রের কাছে একটি পেট্রল পাম্পে তৃণমূল কর্মীরা জমায়েত হয়েছিলেন, যেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি সমর্থকেরা সেখানে পৌঁছে যান এবং তৃণমূল কর্মীদের জন্য রাখা চেয়ার ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুল এলাকায় দ্রুত বাড়তি কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে এলাকাটিকে কর্ডন করে ফেলেন।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের কেন্দ্র ভবানীপুরে লড়াই চলছে সেয়ানে সেয়ানে। মোট ২০ রাউন্ড গণনার মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ১২টি রাউন্ডের ফল প্রকাশিত হয়েছে। সেখানে কখনো মমতা, আবার কখনো তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী এগিয়ে থাকছেন।
রাজ্যের সামগ্রিক ফলে দুই-তৃতীয়াংশ আসনে বিজেপি এগিয়ে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনই পরাজয় মেনে নিতে রাজি নন। এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভবানীপুরের এই ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।