পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ঐতিহাসিক সাফল্যের পর রাজ্যটিতে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি জানিয়েছেন, এবার পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ কার্যকর করা হবে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নির্বাচনে জয়ের পর দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া বিজয় ভাষণে মোদি এই ঘোষণা দেন। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে এই প্রকল্প চালু করেনি।
‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই)’ প্রকল্পের আওতায় প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবে। পাশাপাশি ৭০ বছরের বেশি বয়সী নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন।
বিজয় ভাষণে মোদি বলেন, ‘আজ থেকে বাংলার ভবিষ্যতের জন্য নতুন যাত্রা শুরু হচ্ছে। উন্নয়ন, অটল বিশ্বাস ও নতুন আশা একসঙ্গে এগিয়ে যাবে।’
তিনি আশ্বাস দেন, রাজ্যের উন্নয়নে বিজেপি সরকার দিন-রাত কাজ করবে।
তিনি আরও বলেন, ‘বাংলায় নারীরা নিরাপদ পরিবেশ পাবেন, তরুণরা কর্মসংস্থানের সুযোগ পাবে, অভিবাসন কমে যাবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প অনুমোদন দেওয়া হবে।’
বর্তমানে পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্বাস্থ্যবিমা প্রকল্প চালু রয়েছে। কেন্দ্রীয়ভাবে পরিচালিত এই কর্মসূচির ব্যয় কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে বহন করে।
গত বছর ওড়িশা ও দিল্লিতেও এই প্রকল্প চালু হয়েছে। চিকিৎসা ব্যয়ের চাপ কমাতে কার্যকর হওয়ায় সাধারণ মানুষের কাছে এটি জনপ্রিয়তা পেয়েছে।
এর আগে তৃণমূল কংগ্রেস সরকার এবং দিল্লিতে আম আদমি পার্টি সরকার নিজস্ব স্বাস্থ্যবিমা কর্মসূচির কথা উল্লেখ করে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়ন থেকে বিরত ছিল। এ নিয়ে কেন্দ্রীয় সরকার সমালোচনা করে বলেছিল, স্বাস্থ্যসেবার প্রয়োজনের চেয়ে রাজনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।