মমতা-রাহুলের অধ্যায় শেষ, এবার লক্ষ্য অখিলেশ: শুভেন্দু

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:০৮ পিএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিজের জয় এবং দলের অভাবনীয় সাফল্যের পর এবার ২০২৭ সালের উত্তরপ্রদেশ নির্বাচনের দিকে চোখ রাখছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (৪ মে) বিজয় উদযাপনের মঞ্চ থেকে তিনি হুঙ্কার দিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর মতো নেতাদের দিন শেষ হয়ে গেছে, বিজেপির পরবর্তী টার্গেট এখন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভবানীপুর ও নন্দীগ্রাম- উভয় কেন্দ্রেই ঘাসফুল শিবিরকে ধরাশায়ী করার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী এখন রাজনৈতিকভাবে গুরুত্বহীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক নির্বাসন আজ থেকেই শুরু হয়ে গেল।’ তিনি মনে করিয়ে দেন, ২০২১ সালে নন্দীগ্রামে হারের পর এবার নিজের এলাকা খ্যাত ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ হাজারেরও বেশি ভোটে পরাজিত হয়েছেন।

নির্বাচন কমিশনের চূড়ান্ত তথ্য অনুযায়ী, ভবানীপুরে ২০ রাউন্ড গণনা শেষে শুভেন্দু অধিকারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেছেন। অন্যদিকে, নন্দীগ্রামের হাই-ভোল্টেজ লড়াইয়েও তৃণমূলের পবিত্র করকে হারিয়ে নিজের আধিপত্য বজায় রেখেছেন তিনি।

তৃণমূল কংগ্রেসকে অরবিন্দ কেজরিওয়ালের ‘আপ’-এর সঙ্গে তুলনা করে শুভেন্দু বলেন, ‘তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত এবং পরিবারতান্ত্রিক দল, যাদের কোনো নির্দিষ্ট আদর্শ নেই।’ তিনি আরও দাবি করেন, তৃণমূলের অনেক সংসদ সদস্য (এমপি) এবং প্রভাবশালী নেতা খুব শিগগিরি বিজেপিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন।

পূর্ব মেদিনীপুরের একসময়ের দাপুটে নেতা এবং তৃণমূলের উত্থানের কারিগর শুভেন্দু অধিকারী এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির এই বিশাল জয়ের পর তাকেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বড় দাবিদার মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

FJ
আরও পড়ুন