ভারতের পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার (৮ মে) বিকেলে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। আগামীকাল শনিবার (৯ মে) তিনি পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
শুক্রবার পশ্চিমবঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী পদের জন্য চূড়ান্ত করা হয়। অমিত শাহ জানান, শুভেন্দুর নেতৃত্বেই গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে বিজেপি শক্তিশালী ভিত গড়ে তুলেছে, যার ফল মিলেছে এবারের নির্বাচনে।
গত ৪ মে ঘোষিত ফলাফল অনুযায়ী, বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে দুই শতাধিক আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কেন্দ্রে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে এই প্রথম বাংলায় ক্ষমতায় বসছে পদ্ম শিবির।
শুভেন্দু অধিকারী এবার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় ক্ষেত্রেই জয়লাভ করেছেন। সবচেয়ে বড় চমক ছিল হেভিওয়েট নন্দীগ্রাম আসন। যেখানে তিনি সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি পরাজিত করেছেন। মূলত তার এই একক ক্যারিশমা এবং তৃণমূল বিরোধী আন্দোলনের কারণেই দল তাকে শীর্ষ পদের জন্য যোগ্য মনে করেছে।
আগামীকাল এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। তার এই অভিষেকের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।