ভারতের দক্ষিণী রাজ্য কেরালায় দীর্ঘ ১০ বছর পর ক্ষমতার পরিবর্তন ঘটলো। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) পুনরায় ক্ষমতায় ফেরায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রভাবশালী কংগ্রেস নেতা ভি ডি সতীশন। এর মধ্য দিয়ে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বামফ্রন্ট শাসনের অবসান হলো।
সোমবার (১৮ মে) বিকেলে রাজধানী তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথগ্রহণ সম্পন্ন হয়। কেরালা রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন এবং তার মন্ত্রিসভার ২০ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের সরব উপস্থিতি ছিল। উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। এছাড়াও বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখরসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে যোগ দেন।
সতীশনের ২০ সদস্যের মন্ত্রিসভায় কংগ্রেসের পাশাপাশি জোটসঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) এবং অন্যান্য শরিক দলের প্রতিনিধিত্ব রয়েছে। প্রবীণ নেতা থিরুভানচুর রাধাকৃষ্ণনকে বিধানসভার স্পিকার এবং শানিমল উসমানকে ডেপুটি স্পিকার হিসেবে ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১৪০টি আসনের মধ্যে ১০২টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ইউডিএফ। তবে ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে দলীয় কোন্দলে সিদ্ধান্ত নিতে ১০ দিন সময় নেয় কংগ্রেস। শেষ পর্যন্ত কে সি বেণুগোপাল ও রমেশ চেন্নিতালাকে পেছনে ফেলে তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তা ও গত কয়েক বছরে দলের পুনর্গঠনে ভূমিকা রাখায় হাই কমান্ড সতীশনের ওপরই আস্থা রাখে। সূত্র: এনডিটিভি