ইরান-ইসরায়েলকে সংযম দেখানোর আহ্বান শেহবাজ শরীফের

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শেহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে কতটা ভঙ্গুর হতে পারে যুদ্ধবিরতি এবং তা ভেঙে গেলে কত ভয়াবহ পরিণতি সৃষ্টি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে সংঘাতের শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধান খুঁজতে কাজ চলছে। এমন এক সময়ে উত্তেজনা বেড়েছে, যখন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন প্রায় নাগালের মধ্যে চলে এসেছে।

শেহবাজ শরীফ বলেন, 'চূড়ান্ত লক্ষ্য যখন প্রায় অর্জিত হতে যাচ্ছে, তখন আমরা আন্তরিকভাবে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই।'

তিনি আরও বলেন, সহিংসতা ও ধ্বংসের পথ পরিহার করে সংশ্লিষ্ট পক্ষগুলোর শান্তি ও কূটনীতির পথেই অটল থাকা উচিত।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের এই আহ্বানকে উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সূত্র: দ্য ডন