যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমঝোতা আলোচনা আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি জানিয়েছেন, চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পরপরই ইলেকট্রনিক পদ্ধতিতে শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে এবং এরপর আগামী সপ্তাহে শুরু হবে কারিগরি পর্যায়ের আলোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরীফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এখন খুবই কাছাকাছি। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক অগ্রগতি দেখা যেতে পারে।
আলোচনায় দুই পক্ষের অঙ্গীকারের প্রশংসা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানান। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় সহায়তা দেওয়া আঞ্চলিক দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
শেহবাজ বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’
তার এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে একের পর এক ইতিবাচক বার্তা আসছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও সম্প্রতি বলেছেন, দুই দেশের মধ্যে সমঝোতা ‘এর আগে কখনো এতটা কাছাকাছি পৌঁছায়নি’।
তবে চুক্তির সম্ভাবনা জোরালো হলেও এর বিষয়বস্তু, নিরাপত্তা ব্যবস্থা এবং পরবর্তী বাস্তবায়ন কাঠামো নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কূটনৈতিক অঙ্গনে সতর্ক আশাবাদই বজায় রয়েছে। সূত্র: আলজাজিরা