খামেনির কফিনে পাকিস্তানের শেষ শ্রদ্ধা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তেহরানে আয়োজিত শোকানুষ্ঠানে তিনি খামেনির কফিনের সামনে নীরবে শ্রদ্ধা জানান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

তারা একসঙ্গে খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।

খামেনির শেষকৃত্য উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা তেহরানে অবস্থান করছেন। সেই ধারাবাহিকতায় পাকিস্তানের প্রতিনিধিদলও শোকানুষ্ঠানে অংশ নেয় এবং ইরানের প্রয়াত নেতার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান বিরোধ নিরসনের প্রচেষ্টায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ইসলামাবাদ বিভিন্ন সময় দুই দেশের মধ্যে পর্দার আড়ালের যোগাযোগ সহজতর করেছে, নিজ দেশে বৈঠকের আয়োজন করেছে এবং আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে সংলাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সূত্র: আলজাজিরা