ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়া প্রাঙ্গণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি মূর্তির সামনে আরতি ও ‘মোদি চালিসা’ পাঠের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই কর্মসূচির ভিডিওতে অংশগ্রহণকারীদের ‘জয়-জয় মোদি’ স্লোগান দিতেও দেখা ও শোনা যায়।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে প্রেস ক্লাব অব ইন্ডিয়া স্পষ্ট করে জানায়, ওই কর্মসূচির সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা ছিল না।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, একটি সংগঠন সংবাদ সম্মেলনের জন্য প্রেস ক্লাবের একটি হল ভাড়া নিয়েছিল। সেই হলেই পরে মোদির মূর্তি স্থাপন করে আরতি ও ‘মোদি চালিসা’ পাঠের আয়োজন করা হয়।
এক্সে দেওয়া এক পোস্টে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, ভাড়া দেওয়ার সময় নির্ধারিত শর্ত লঙ্ঘন করে ওই সংগঠনটি কর্মসূচি আয়োজন করেছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে ক্লাব কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে এবং অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
প্রেস ক্লাবের এই বক্তব্যের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে সাংবাদিকদের সংগঠনের একটি প্রাঙ্গণে রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে এমন আয়োজনের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।