নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় তল্লাশি ও উদ্ধারকাজে স্থলপথের পাশাপাশি আকাশপথেও কাজ করছেন সেনা সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত এই দুর্যোগে ১৬২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪০৩ জন।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেত বিবিসিকে জানান, রসুয়া ও নুওয়াকোটসহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সেনা সদস্যদের বেশি সংখ্যায় পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনী ৯৭ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে থাকা তিন শ্রমিকও রয়েছেন।
সেনাবাহিনীর পাশাপাশি নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদস্যরাও উদ্ধার ও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন।