কলম্বিয়ায় সুপারমার্কেটে অস্ত্রধারীদের জিম্মি দশা থেকে ৩০ জনকে উদ্ধার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার পর্যটননগরী কার্তাহেনায় একটি সুপারমার্কেটে সশস্ত্র ব্যক্তিদের জিম্মি করে রাখা প্রায় ৩০ জনকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। দীর্ঘ প্রায় ১৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটে বুধবার (২৫ নভেম্বর) ভোরে। অভিযানে একজন জিম্মিকারী নিহত হয়েছেন।

বুধবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দেশটির প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলা জানান, জাতীয় পুলিশ ও সামরিক বাহিনীর যৌথ অভিযানে সুপারমার্কেটে আটকে থাকা সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। অভিযানকে সফল উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও তারা তা গ্রহণ করেনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকালে কার্তাহেনার লা কাস্তেয়ানা এলাকার একটি এক্সিতো (Éxito) সুপারমার্কেটে এ জিম্মি সংকটের সূত্রপাত হয়। একটি শপিং মল থেকে নগদ অর্থ বহনকারী সাঁজোয়া গাড়ি ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সশস্ত্র ব্যক্তিরা ওই সুপারমার্কেটে আশ্রয় নেয়। পরে সেখানে থাকা ক্রেতা ও কর্মীদের জিম্মি করে তারা।

কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, শুরুতে প্রায় ৩০ জনকে জিম্মি করা হয়েছিল। পরে কয়েক দফায় ১০ জনকে ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন ছিলেন বয়স্ক নারী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সুপারমার্কেটটি ঘিরে ফেলে পুলিশ, সেনাবাহিনী ও বিশেষ বাহিনীর সদস্যরা। আশপাশের সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ভবনের কাছাকাছি কয়েকটি উঁচু ভবনে অবস্থান নেন স্নাইপাররা। নিরাপত্তার কারণে কার্তাহেনার বিমানবন্দরে কিছু সময়ের জন্য উড়োজাহাজ অবতরণও স্থগিত রাখা হয়েছিল।

আলোচনার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা চলার পর বুধবার ভোরে চূড়ান্ত অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। অভিযানের আগে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা ঘটনাটিকে সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পিত হামলা নয়, বরং ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হওয়ার পর অপরাধীদের জিম্মি করার ঘটনা হিসেবে বর্ণনা করেছেন।

উল্লেখ্য, কার্তাহেনা কলম্বিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। ঐতিহাসিক স্থাপত্য, সমুদ্রসৈকত ও ঔপনিবেশিক আমলের পুরোনো শহরের জন্য পরিচিত এ নগরীতে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

সূত্র: রয়টার্স। 

বিএইচবি
আরও পড়ুন