ভারত-পাকিস্তান সংঘাতের সময় পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছিল চীন। ২০২৫ সালের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ চলাকালে বেইজিংয়ের এই ভূমিকার কথা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসীয় একটি কমিশনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান প্রভাব ও সামরিক শক্তিকে চ্যালেঞ্জ জানাতে চীন একাধিক কৌশল অনুসরণ করছে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়ানো, সীমান্তে চাপ সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ শিল্প ও প্রযুক্তির কাঁচামাল সরবরাহ নিয়ন্ত্রণের মাধ্যমে ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জমা দেওয়া ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের (USCC) প্রতিবেদনটির শিরোনাম ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’। ১৮ নভেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে ভারতকে এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে মূল্যায়ন করা হয়েছে।
কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, সামরিক জোটের বাইরে থেকেও চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক প্রতিযোগিতায় সক্ষম কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম। দেশটির শক্তিশালী অর্থনীতি ও সামরিক সামর্থ্য এশিয়ায় ক্ষমতার ভারসাম্য রক্ষার পাশাপাশি চীননির্ভর উৎপাদন ও সরবরাহব্যবস্থার বিকল্প তৈরিতেও ভূমিকা রাখতে পারে। তবে ভারতের এই উত্থান ঠেকাতে বেইজিং বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় রয়েছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
ভারত ও পাকিস্তানের সামরিক উত্তেজনার প্রসঙ্গে প্রতিবেদনে চীন-পাকিস্তান সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুর চলাকালে সরাসরি যুদ্ধে অংশ না নিলেও পাকিস্তানকে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছিল চীন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের শুরুতে চীন প্রথমবারের মতো স্বীকার করে, ওই সংঘাতের সময় পাকিস্তানের বিমানঘাঁটিতে তাদের বিশেষজ্ঞরা উপস্থিত থেকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন।
কমিশনের মতে, পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে চীনের দীর্ঘদিনের সহযোগিতা ভারতের নিরাপত্তা উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে দুই দিক থেকে সম্ভাব্য সামরিক চাপ মোকাবিলার বিষয়টি নয়াদিল্লির জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে হামলায় ২৬ জন বেসামরিক মানুষ নিহত হওয়ার পর পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে সামরিক অভিযান চালায় ভারত। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। হামলার জন্য পাকিস্তান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে ভারত। তবে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে।
প্রতিবেদনে শুধু পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা নয়, ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান নৌ ও নজরদারি কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
কমিশনের আশঙ্কা, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ও কৌশলগত নৌ-চলাচল এলাকায় চীনের উপস্থিতি বাড়লে ভারত তার আঞ্চলিক কৌশলগত সুবিধা হারাতে পারে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চীনের অবকাঠামো ও অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি ভারতের ঐতিহ্যগত আঞ্চলিক প্রভাবকে দুর্বল করতে পারে।
চীনের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করার সুপারিশ করেছে কমিশন।
এ লক্ষ্যে মার্কিন কংগ্রেসকে প্রতিরক্ষামন্ত্রী এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে ভারত মহাসাগরে চীনের সাবমেরিন ও অন্যান্য পানির নিচের সামরিক তৎপরতা পর্যবেক্ষণে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময়, চীনা যুদ্ধজাহাজের গতিবিধি নজরদারি, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় যৌথ প্রস্তুতির সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া দুই দেশের প্রতিরক্ষা, প্রশাসন, ব্যবসা ও শিক্ষাঙ্গনের তরুণ নেতৃত্বের মধ্যে দীর্ঘমেয়াদি যোগাযোগ তৈরিতে ‘ইন্দো-আমেরিকান স্ট্র্যাটেজিক লিডারশিপ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ চালুর প্রস্তাব দিয়েছে কমিশন।
তবে প্রতিবেদনে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কমিশনের মূল্যায়ন, চীনের সঙ্গে ভারতের প্রতিযোগিতা মূলত নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত। তাই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও সব আন্তর্জাতিক ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানের সঙ্গে নয়াদিল্লি একমত হবে, এমন নিশ্চয়তা নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবিলায় ভারত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তবে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হলে ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি ও কৌশলগত স্বাধীনতার বিষয়টি ওয়াশিংটনকে বিবেচনায় রাখতে হবে।
সূত্র: ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের (USCC) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন।