সন্তান জন্মদানে মুসলিমদের সঙ্গে প্রতিযোগিতার আহ্বান লেভিটের?

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম

বিয়ে করে বেশি সন্তান নেওয়া, তাদের খ্রিষ্টীয় ধর্মীয় আদর্শে গড়ে তোলা এবং যুক্তরাষ্ট্রের প্রতি ভালোবাসা শেখানোর আহ্বান জানিয়েছেন হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তাঁর এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’

পোস্টটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামের স্ক্রিনশটও শেয়ার করেন তিনি। ওই প্রতিবেদনে একটি গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়েছিল, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।

লেভিটের পোস্ট প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তাঁর সমর্থকদের অনেকে পরিবার, ধর্মীয় অনুশাসন ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরে বক্তব্যটির প্রতি সমর্থন জানিয়েছেন। তবে সমালোচকদের মতে, ধর্মীয় পরিচয় কিংবা জনসংখ্যার ভিত্তিতে সন্তান জন্মদানকে প্রতিযোগিতার বিষয় হিসেবে দেখা উচিত নয়।

বিতর্কে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বর্তমান জীবনযাত্রার ব্যয়ও। সমালোচকদের একাংশের বক্তব্য, শিশুদের লালন-পালন, শিক্ষা, চিকিৎসা ও পরিচর্যার ক্রমবর্ধমান খরচের কারণে অনেক তরুণ দম্পতির পক্ষেই বড় পরিবার গড়ে তোলা কঠিন হয়ে পড়েছে।

এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেন, খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা তৈরি করা কোনোভাবেই যুক্তিসংগত নয়।

অন্য এক ব্যবহারকারী প্রশ্ন তোলেন, যারা মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র, ন্যায্য মজুরি এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবার পক্ষে অবস্থান নেন না, তাঁরাই আবার পরিবারগুলোকে বেশি সন্তান নেওয়ার পরামর্শ দিচ্ছেন কেন?
আরেক ব্যবহারকারী লেভিটের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তাঁদের পরিবারের পক্ষে নতুন করে সন্তান নেওয়ার ব্যয় বহন করা সম্ভব নয়।

লেভিটের এই মন্তব্যকে ঘিরে মূলত ধর্মীয় মূল্যবোধ, জনসংখ্যার পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা—এই তিনটি বিষয় নতুন করে আলোচনায় এসেছে।

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত