অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লিন্ডার্স দ্বীপে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুনে দ্বীপটির বিস্তীর্ণ বনভূমি পুড়ে যাওয়ার পাশাপাশি অন্তত ছয়টি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন স্থানীয় বাসিন্দারা। আগুন থেকে বাঁচতে দ্বীপের বন্যপ্রাণীরাও আবাসস্থল ছেড়ে পালাচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তাসমানিয়া অঙ্গরাজ্যের উত্তর-পূর্বে অবস্থিত ফ্লিন্ডার্স দ্বীপের উত্তরাঞ্চলে আগুন সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ১৪ হাজার ৭০০ হেক্টর জমি পুড়ে গেছে, যা দ্বীপটির মোট আয়তনের ১০ শতাংশেরও বেশি।
তাসমানিয়া ফায়ার সার্ভিসের উত্তরাঞ্চলীয় উপপ্রধান স্টিভ রিচার্ডসন জানিয়েছেন, আগুনের শিখা কোনো কোনো স্থানে প্রায় ১০ মিটার পর্যন্ত উঁচু হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে গত কয়েক দিন দমকলকর্মীরা অনেক এলাকায় সরাসরি আগুনের কাছে যেতে পারেননি। আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় এখন আগুন নিয়ন্ত্রণে প্রতিরোধব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।
আগুনের বিস্তার ঠেকাতে ছয়টি হেলিকপ্টারসহ জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। পাশাপাশি সড়ক যোগাযোগ বন্ধ রাখা হয়েছে এবং কয়েকটি এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। কিলিক্র্যাঙ্কি এলাকার বাসিন্দাদের জন্য পরিস্থিতি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিছু এলাকায় বাসিন্দাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ না থাকায় নিজ নিজ অবস্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দাবানলের প্রভাব পড়েছে দ্বীপটির বন্যপ্রাণীর ওপরও। আগুনের হাত থেকে বাঁচতে পসামসহ বিভিন্ন প্রাণীকে সড়ক ও জনবসতির দিকে ছুটে আসতে দেখা গেছে। বনাঞ্চল পুড়ে যাওয়ায় প্রাণীদের স্বাভাবিক আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে দ্বীপটির প্রায় ৯০০ বাসিন্দার মধ্যে বেশ কয়েকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। হোয়াইটমার্ক এলাকায় জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আগুনের ধোঁয়া তাসমানিয়ার মূল ভূখণ্ডের বিভিন্ন এলাকাতেও পৌঁছেছে।
দাবানলের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গত সপ্তাহে বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে তাসমানিয়া ফায়ার সার্ভিস।
কর্তৃপক্ষের আশঙ্কা, আবহাওয়া আবার প্রতিকূল হলে আগুনের বিস্তার বাড়তে পারে। তাই ক্ষতিগ্রস্ত এলাকা পর্যবেক্ষণের পাশাপাশি ঝুঁকিতে থাকা বাড়িঘর ও বাসিন্দাদের সুরক্ষায় অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: এএফপি।