ইসলাম ও ইরানের শত্রুদের আঘাত করার সুযোগ হাতছাড়া করবে না বাসিজ: খামেনি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়্যদ মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইসলাম ও ইসলামি ব্যবস্থার শত্রুদের আঘাত করার কোনো সুযোগই হাতছাড়া করবে না স্বেচ্ছাসেবী আধাসামরিক বাহিনী বাসিজ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন। জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়্যা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় মোজতবা খামেনি বাসিজের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন। দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন স্তরে বাহিনীটির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় উন্নয়নে বাসিজের সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

তিনি বাসিজ সদস্যদের আদর্শিক অবস্থান ব্যাখ্যা করতে পবিত্র কোরআনের দুটি শিক্ষার উল্লেখ করেন। এর একটি হলো মুমিনদের পারস্পরিক দয়া ও সহমর্মিতা, অন্যটি ইসলামি বিশ্বাসের বিরোধীদের মোকাবিলায় দৃঢ়তা। ইমাম হোসেইনের শিক্ষা থেকেও বাসিজ সদস্যদের অনুপ্রেরণা নেওয়ার কথা বলেন তিনি।

খামেনির মতে, বিপ্লবী আদর্শের প্রতি অবিচল থাকার পাশাপাশি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা এই বাহিনীর অন্যতম দায়িত্ব। জাতীয় ঐক্য শক্তিশালী করা এবং জনগণের সমর্থনকে দেশের অগ্রগতির কাজে লাগানোর বিষয়েও তিনি গুরুত্ব দেন।

বার্তায় বাসিজের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আরও বিস্তৃত পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। তাঁর বক্তব্য অনুযায়ী, বাহিনীটিকে শুধু প্রচলিত সাংগঠনিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের আরও বিস্তৃত অংশের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের প্রতিষ্ঠাতা নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উদ্যোগে বাসিজ গঠিত হয়। এটি দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন একটি স্বেচ্ছাসেবী আধাসামরিক সংগঠন। অভ্যন্তরীণ নিরাপত্তা, রাষ্ট্রীয় কর্মসূচি ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে বাহিনীটির ভূমিকা রয়েছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে বাসিজের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।

সূত্র: রয়্যা নিউজ।

বিএইচবি
আরও পড়ুন