সম্পদের পরিমাণ টাকা বা রুপিতে নয়, সোনার গ্রামে হিসাব করার পরামর্শ দিয়েছেন ভারতীয় উদ্যোক্তা প্রেম সোনি। তাঁর মতে, এভাবে সম্পদের মূল্যায়ন করলে অর্থ, সঞ্চয় ও আর্থিক স্বাধীনতা সম্পর্কে মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এ ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার {২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেম সোনি দৈনন্দিন জীবনযাত্রার বিভিন্ন ব্যয় ও আর্থিক সক্ষমতাকে সোনার নির্দিষ্ট পরিমাণের সঙ্গে তুলনা করেন।
তাঁর হিসাব অনুযায়ী, এক গ্রাম সোনার সমমূল্যে ভালো এক জোড়া জুতা বা এক বেলার খাবারের খরচ মেটানো সম্ভব। ১০ গ্রাম সোনা দিয়ে কেনা যেতে পারে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা একটি মোটরসাইকেল।
একইভাবে ৫০ গ্রাম সোনাকে তিনি একটি পরিবারের ছুটিতে বেড়াতে যাওয়ার ব্যয়ের সমতুল্য হিসেবে দেখিয়েছেন। ১০০ গ্রাম সোনার সমমূল্য একটি সাধারণ গাড়ি। ২৫০ গ্রাম সোনা দিয়ে সন্তানের পুরো কলেজশিক্ষার ব্যয় মেটানো সম্ভব বলে তাঁর ধারণা। আর ৫০০ গ্রাম সোনা হতে পারে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতিতে পরিবারের আর্থিক সুরক্ষা, যাতে ঋণ করতে না হয়।
প্রেম সোনির হিসাবে, ঋণমুক্ত একটি বাড়ির সমমূল্য এক হাজার গ্রাম বা এক কেজি সোনা। আর পাঁচ হাজার গ্রাম বা পাঁচ কেজি সোনা হলো সম্পূর্ণ আর্থিক স্বাধীনতার প্রতীক। অর্থাৎ, এ পরিমাণ সম্পদ থাকলে কাউকে চাকরি বা বসের ওপর নির্ভর করতে হবে না।
পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনকে সোনার গ্রামে হিসাব করলে বোঝা যায়, প্রযুক্তি ও জীবনযাত্রার অনেক পণ্যের দাম কমেছে, অথচ বেতন আরও দ্রুত তার মূল্য হারিয়েছে।’
নিজের যুক্তি তুলে ধরে সোনি বলেন, সোনার তুলনায় প্রযুক্তি ও জীবনযাত্রার বিভিন্ন পণ্য তুলনামূলক সস্তা হয়েছে। কিন্তু বেতন ও সঞ্চয় অর্থের পরিবর্তিত মূল্যের সঙ্গে তাল মেলাতে পারেনি।
তাঁর মতে, বেতনভোগীদের একটি বড় অংশ এমন আর্থিক ফাঁদে আটকে যাচ্ছেন, যেখানে তাঁদের দামি স্মার্টফোন আছে, দীর্ঘমেয়াদি কিস্তিতে কেনা গাড়ি আছে, ব্যাংকঋণে কেনা ফ্ল্যাটও আছে; কিন্তু বিপদের সময়ে কাজে লাগানোর মতো প্রকৃত সম্পদ বা সোনার মজুত নেই।
এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘বেতনভোগীদের ৯৫ শতাংশ যে ফাঁদে পড়েন, তা হলো তাঁদের সিন্দুকে এক গ্রামও সোনা নেই, অথচ পকেটে রয়েছে ১০ গ্রাম ওজনের ফোন। সাত বছরের কিস্তিতে কেনা ১২০ গ্রাম ওজনের এসইউভি চালান, আর থাকেন ব্যাংকের মালিকানাধীন ১ হাজার ৫০০ গ্রাম সোনার সমমূল্যের ফ্ল্যাটে। ৫০ গ্রাম সোনার সম্পদের বিপরীতে তাঁরা ৫ হাজার গ্রাম সোনার জীবনযাপন করছেন।’
অর্থাৎ, তাঁদের জীবনযাত্রার ব্যয় ও দায়দেনার পরিমাণ প্রকৃত সঞ্চয় ও সম্পদের তুলনায় অনেক বেশি—এটাই বোঝাতে চেয়েছেন তিনি।
নিজের বক্তব্যের পক্ষে বিভিন্ন সময়ের পণ্য ও সেবার দাম সোনার পরিমাণ দিয়ে তুলনা করেছেন সোনি। তাঁর দাবি, ১৯৯০ সালে একটি গাড়ি কিনতে প্রায় ৩০০ গ্রাম সোনা লাগত, বর্তমানে তা কেনা যায় প্রায় ১০০ গ্রাম সোনার সমমূল্যে। একইভাবে আগে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট কিনতে প্রায় ৮০ গ্রাম সোনার সমমূল্যের অর্থ লাগলেও বর্তমানে তা প্রায় পাঁচ গ্রামে নেমে এসেছে।
তিনি লেখেন, ‘পৃথিবীতে আসলে কোনো কিছুর দাম বাড়েনি। বরং আপনার কাগুজে মুদ্রার মূল্য নীরবে কমেছে, আর আপনি ব্যাংক হিসাবে সঞ্চয় রেখে গেছেন।’
তাঁর মতে, সম্পদের হিসাব লাখ টাকার পরিবর্তে সোনার গ্রামে করতে শুরু করলে মানুষ কিস্তিতে দায়বদ্ধতা বাড়ানোর বদলে আর্থিক স্বাধীনতা অর্জনের দিকে বেশি মনোযোগী হবে।
অ্যাপলের বিভিন্ন প্রজন্মের আইফোনের দামও সোনার হিসাবে তুলনা করেছেন তিনি। তাঁর হিসাব অনুযায়ী, প্রথম আইফোনের দাম ছিল প্রায় ৩৫ গ্রাম সোনার সমান। আইফোন ৭-এর ক্ষেত্রে তা ছিল ২০ গ্রাম। আর সর্বশেষ আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম প্রায় ১০ গ্রাম সোনার সমমূল্য।
প্রেম সোনির যুক্তি, বছরের পর বছর কাগুজে মুদ্রার ক্রয়ক্ষমতা কমেছে। তাই ব্যাংক হিসাবে জমা টাকার অঙ্ক দেখেই প্রকৃত সম্পদ বা আর্থিক সক্ষমতা বিচার করা ঠিক নয়। সোনার হিসাবে সম্পদের মূল্যায়ন করলে ব্যয় ও সঞ্চয় নিয়ে মানুষ আরও সচেতন হতে পারে।
প্রেম সোনির এ ধারণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সম্পদের মূল্য ধরে রাখার মাধ্যম হিসেবে সোনার গুরুত্বের সঙ্গে একমত হয়েছেন। আবার অনেকে তাঁর তুলনার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন তুলেছেন।
এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ভারতীয়দের অন্তত ৪০০ থেকে ১ হাজার গ্রাম সোনা রাখা উচিত। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে সোনার দাম কমা নিয়ে সমালোচনা থাকলেও মূল্য সংরক্ষণের মাধ্যম হিসেবে সোনা নির্ভরযোগ্য।
অন্য এক ব্যবহারকারী আলোচনায় এনেছেন উড়োজাহাজের টিকিটের বাড়তি দাম। তাঁর বক্তব্য, ভারতের গুরুত্বপূর্ণ রুটগুলোতে বিমানভাড়া বেড়েছে। দেশের ভেতরেই কোনো কোনো যাত্রায় টিকিটের দাম ৫০ হাজার থেকে ৬০ হাজার রুপি পর্যন্ত হতে পারে। এমন পরিস্থিতিতে সরাসরি যাতায়াতের বদলে জুমে বৈঠক করাই ভালো বলে মন্তব্য করেন তিনি।