৪ লাখ অতিথির আয়োজন, বিয়েতে বন্দুক-গুলি নিয়ে কারাগারের বন্ধু

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম

সব বন্ধুত্ব স্কুল, কলেজ কিংবা পাড়ায় গড়ে ওঠে না। বিহারের বাহুবলী নেতা ও মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে আমন্ত্রিত এক অতিথির সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল কারাগারে। সেই জেলবন্ধু দাবি করেছেন, বিয়ের অনুষ্ঠানে তিনি ১০টি বন্দুক ও ৫০০ রাউন্ড গুলি নিয়ে হাজির হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে ৩২টি ফৌজদারি মামলা রয়েছে। অন্যদিকে, অনন্ত সিং নিজেও অন্তত ২৮টি হত্যাসহ বিভিন্ন মামলার আসামি।

বুধবার (২৫ নভেম্বর) বিহারের পাটনা জেলার নাদওয়ান গ্রামে অনন্ত সিংয়ের কনিষ্ঠ কন্যা শিবাঙ্গী সিংয়ের বিয়ের আয়োজন করা হয়। অনন্তের পৈতৃক গ্রাম নাদওয়ানে অনুষ্ঠিত এই রাজকীয় বিয়ের নানা ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে বিধায়কের ওই জেলবন্ধুর ভিডিওও আলোচনায় এসেছে।

বিয়ের অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং, বিজেপির সাবেক সংসদ সদস্য ব্রিজভূষণ শরণ সিং, সাবেক এমপি সাধু যাদব, বিজেপি নেতা রামকৃপাল যাদব ও বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারসহ বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনন্ত সিং এ অনুষ্ঠানে সবার জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানিয়েছিলেন।

শিবাঙ্গীর বিয়ে হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত হৃষীকেশ কুমারের সঙ্গে। এমবিএ ডিগ্রিধারী হৃষীকেশ সিআরপিএফ কমান্ড্যান্ট রণবিজয় কুমার সিংয়ের ছেলে। তাঁর বাড়ি পশ্চিম পাটনা জেলার বিহতা এলাকার কৃষ্ণনগর গ্রামে।

বিপুল আয়োজন, অতিথিদের উপস্থিতি ও ব্যতিক্রমী সব আয়োজনের কারণে অনন্ত সিংয়ের মেয়ের বিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কয়েক একর জায়গাজুড়ে সাজানো হয়েছিল বিয়ের অনুষ্ঠানস্থল। সাজসজ্জার জন্য বিদেশ থেকে ফুল আনা হয়। বিয়েবাড়ি সাজাতে উত্তরপ্রদেশ থেকে কর্মীদের মোকামায় নিয়ে আসা হয়েছিল। ভিআইপি অতিথিদের জন্য রাখা হয়েছিল হেলিপ্যাডের ব্যবস্থাও।

জামাতাকে উপহার হিসেবে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার গাড়ি দিয়েছেন অনন্ত সিং। গাড়িটির দাম আড়াই থেকে সাড়ে ৩ কোটি টাকার মধ্যে হতে পারে বলে জানা গেছে। এর সঙ্গে ১০০ গ্রাম ওজনের সোনার চেন ও ৮০ গ্রাম ওজনের সোনার ব্রেসলেটও উপহার দেওয়া হয়েছে।

খাবারের আয়োজনও ছিল বিশাল। সংবাদমাধ্যম আজ তকের প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে ৪ লাখের বেশি মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। রান্নার কাজে প্রায় ৫০০ রাঁধুনি ও কর্মী নিয়োজিত ছিলেন। খাবার তৈরির জন্য ৩০০টিরও বেশি রান্নার জায়গা প্রস্তুত করা হয়। পুরো আয়োজন ছিল নিরামিষ খাবারকেন্দ্রিক, যেখানে মিষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল।

রসগোল্লা, গুলাব জামুন, রাজভোগ, কালা জামুন, মালপোয়া, জিলিপি, গাজরের হালুয়া ও মাখনা ক্ষীরসহ অন্তত আট ধরনের মিষ্টি রাখা হয়েছিল মেনুতে। বিহারের জনপ্রিয় লিট্টি-চোখা ছাড়াও চাট, গোলগাপ্পা, আলু টিক্কি, দোসা, চিল্লা ও চৌ মে পরিবেশন করা হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, মেনুতে মোট ১৫০টি নিরামিষ পদ ছিল। অনুষ্ঠানের জন্য প্রায় ৩০ লাখ রসগোল্লা ও ৫০ লাখ গুলাব জামুন তৈরির কথাও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রান্নার কাজে ব্যবহারের জন্য সেখানে দুধের ট্যাংকারও রাখা হয়েছিল।

বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া নগদ অর্থের পরিমাণ এত বেশি ছিল যে মণ্ডপের সামনে টাকার স্তূপ জমে যায়। পরে সেগুলো গুছিয়ে নেওয়ার কাজে বেশ কয়েকজনকে ব্যস্ত হতে দেখা যায়। অতিথিদের উপস্থিতিতে আশপাশের এলাকায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছিল।

বিয়ের আয়োজনের অংশ হিসেবে ঘোড়দৌড় প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়, যা দেখতে বিপুল দর্শকের সমাগম ঘটে।

এদিকে, বিয়ের এই আয়োজন এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন অনন্ত সিংকে শিগগিরই কারাগারে ফিরতে হচ্ছে। গত ৩০ অক্টোবর দুলারচন্দ্র যাদব হত্যা মামলায় তাঁর জামিন বাতিল করে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে ১ ডিসেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় মোকামার এই বিধায়ককে।

অনন্ত সিংয়ের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার অভিযোগ রয়েছে। পাঁচবার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হওয়া এই নেতা হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৮টি ফৌজদারি মামলার বিচারাধীন আসামি। বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) ওয়েবসাইটেও তাঁর বিরুদ্ধে মামলাগুলোর তথ্য রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অনন্ত সিং।

এসজেড
আরও পড়ুন