যৌতুকের পরিবর্তে খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা

উত্তরপ্রদেশের মিরাটে বিয়ের আগে যৌতুক হিসেবে দামি গাড়ি দাবি করেছিল বরপক্ষ। কিন্তু সেই দাবি মেনে নেওয়ার পরিবর্তে অভিনব প্রতিবাদ জানালেন কনের বাবা। বরপক্ষের হাতে আসল মাহিন্দ্রা থারের বদলে তুলে দিলেন প্লাস্টিকের তৈরি একটি খেলনা গাড়ি। একই সঙ্গে ভেঙে দিলেন মেয়ের বিয়ে ও বাগদানের সম্পর্ক।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল, দ্য টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২৮ নভেম্বর) উত্তর প্রদেশের মিরাট জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাটির প্রায় ৯০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, প্রায় পাঁচ মাস আগে মিরাটের জ্ঞানপুর গ্রামের শামশেরের ছেলের সঙ্গে পরতাপুর থানার সালওয়ানা গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়। বাগদানের সময় কনের পরিবার বরপক্ষকে নগদ এক লাখ রুপি ও বিভিন্ন উপহার দিয়েছিল।

তবে বিয়ের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বরপক্ষের চাহিদাও বাড়তে থাকে। প্রায় এক মাস আগে কনের বাবা বাব্বর একটি জমি বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে বরপক্ষ যৌতুক হিসেবে একটি মাহিন্দ্রা থার গাড়ি দাবি করে। কনের পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাদের বোঝানোর চেষ্টা করা হলেও দাবি থেকে সরে আসেনি তারা।

পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় বিয়ের তারিখ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী ‘লাল খাত’ অনুষ্ঠানের আয়োজন করেন কনের বাবা। এ উপলক্ষে বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান তিনি। শনিবার সকাল থেকেই বরপক্ষের লোকজন সেখানে উপস্থিত ছিলেন।

কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়ার পরিবর্তে বরপক্ষকে প্রায় রাত ১০টা পর্যন্ত অপেক্ষা করান কনের বাবা। এরপর তাদের সামনে নিয়ে আসেন একটি প্লাস্টিকের খেলনা থার গাড়ি। সেটি বরপক্ষের হাতে তুলে দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কনের বাবাকে বলতে শোনা যায়, ‘আপনাদের একজন মানুষ দরকার ছিল না, দরকার ছিল একটি গাড়ি। এই নিন, আপনাদের থার গাড়ি দিয়েছি। এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব।’

ভিডিওতে তিনি আরও বলেন, বরপক্ষ সকাল থেকেই গাড়ির জন্য অপেক্ষা করছিল। এবার তাদের সেই চাহিদা পূরণ করা হয়েছে। এরপরই বাগদান ও বিয়ে বাতিলের ঘোষণা দেন তিনি।

দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, কনের বাবা বরপক্ষের কাছে স্পষ্ট করে দেন, গাড়ির দাবির কাছে তারা মাথা নত করবেন না। বাগদানের সম্পর্কও আনুষ্ঠানিকভাবে শেষ করার ঘোষণা দেওয়া হয়।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যৌতুকপ্রথার বিরুদ্ধে কনের পরিবারের এমন প্রতিবাদ নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওতে কনের পরিবারের বক্তব্য উঠে এলেও বরপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা সম্পর্কেও স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রকাশ করেনি সংবাদমাধ্যমগুলো।

সূত্র: ইন্ডিয়া টুডে