৬ দফা দাবি

ঢামেকের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট : ০৭ জুন ২০২৬, ০১:৩৮ পিএম

ছয় দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন তারা।

এর আগে শনিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেয় সংগঠনটি। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল এবং সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম।

সংগঠনের দাবি, এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর প্রস্তাব বৈষম্যমূলক ও অযৌক্তিক। পাশাপাশি ভর্তি পরীক্ষার উচ্চ ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কম ভাতা, কর্মস্থলে নিরাপত্তাহীনতা এবং বেসরকারি খাতে চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তার বিষয়ও তারা তুলে ধরেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে দাবি উত্থাপন, প্রতিবাদ কর্মসূচি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ফলে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং নতুন ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে-

  • এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নসংক্রান্ত কমিটির প্রস্তাব বাতিল।
  • বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স-এর ভর্তি পরীক্ষার ফি ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে নির্ধারণ।
  • নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের ৯ম গ্রেডে অন্তর্ভুক্ত করা।
  • স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন।
  • বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ।
  • বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

ডা. আশরাফ সিদ্দিকী বলেন, রোববার সকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। একই সঙ্গে দ্রুত কার্যকর আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

কর্মবিরতির ফলে দেশের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাসেবা কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

AM/SN
আরও পড়ুন