সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, নিখোঁজ ২

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:২০ পিএম

রাজধানীর সদরঘাটের শ্যামবাজার ঘাটে বরিশাল থেকে ঢাকাগামী ‘সুন্দরবন-১২’ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন অক্ষত অবস্থায় তীরে উঠতে পারলেও এখনো ২ জন আরোহী নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকালে আনুমানিক সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি সম্পূর্ণ নতুন ছিল। এটি গাজীপুরের কড্ডাবাজার থেকে তৈরি করে নদীপথে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের পাখা (প্রপেলার) পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মাঝে স্থবির হয়ে পড়ে। ঠিক ওই মুহূর্তেই বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চটি নিয়ন্ত্রণহীন ট্রলারটিকে সজোরে ধাক্কা দিলে তা তাৎক্ষণিকভাবে ডুবে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও ডুবুরি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ট্রলারে থাকা ১০ জনের মধ্যে ৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ২ জনের সন্ধানে বুড়িগঙ্গা নদীতে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি এবং ডুবন্ত ট্রলারটি উদ্ধারে নৌ পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

SN
আরও পড়ুন