‘এতিম দশায় জুলাই জাদুঘর ওপেন করা হলো কেন?’

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ১১:০৯ এএম

নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিচালনাগত প্রস্তুতি নিশ্চিত না করেই জুলাই জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ায় প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাদুঘরটি চালুর প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

ফারুকী বলেন, পর্যাপ্ত কর্মী নিয়োগ এবং নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা যাচাই না করে এত গুরুত্বপূর্ণ একটি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তার মতে, জুলাই আন্দোলনের স্মৃতির সঙ্গে সংশ্লিষ্ট মূল্যবান নিদর্শন সেখানে সংরক্ষিত থাকায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ইয়েস, জুলাই নিয়ে মানুষের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করে। কিন্তু এই যাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন আছে, অনেক ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে। এভাবে যদি মিউজিয়াম অ্যাকসেস দেওয়া হয় তাহলে বহু জিনিস নষ্ট হয়ে যাবে। এমন অনেক জিনিস আছে, যেটি একবার নষ্ট হলে আর পাওয়া যাবে না।’

জাদুঘরে দর্শনার্থীদের অভিজ্ঞতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ফারুকী। তিনি বলেন, পর্যাপ্ত ব্যবস্থাপনা না থাকলে দর্শনার্থীরা সুশৃঙ্খল ও স্বাভাবিকভাবে প্রদর্শনীগুলো দেখার সুযোগ পাবেন না। এতে তাদের জন্য জাদুঘর পরিদর্শনের অভিজ্ঞতাও অস্বস্তিকর হয়ে উঠতে পারে।

তিনি লেখেন, ‘যে ভিজিটর এভাবে দেখতে বাধ্য হন, তিনি মিউজিয়ামের প্রপার এক্সপেরিয়েন্স কীভাবে পাবেন? ভিজিটরের জন্যও তো এটা একটা শাস্তি।’

সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে ফারুকী জাদুঘরের পরিচালনাগত প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘এই পাঁচ মাস কি পর্যাপ্ত ছিল না মিউজিয়ামের অপারেশনাল দিক ঠিক করার? ইটস রিয়ালি হার্টব্রেকিং। প্লিজ আপনারা জরুরি উদ্যোগ নিয়ে মিউজিয়ামটা প্রপারলি অপারেশনাল করেন।’

জুলাই জাদুঘরকে ‘কেপিআই ওয়ানভুক্ত ইনস্টলেশন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এরকম সেনসিটিভ ইনস্টলেশন এইরকম এতিম দশায় ওপেন করা হলো কেন? সরকারের সংশ্লিষ্ট দপ্তর সত্যিকারের উদ্যোগী হলে এতোদিনে প্রপার ভাবেই ওপেন করা যেত।’

প্রয়োজনে জাদুঘরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শও দিয়েছেন ফারুকী। তার মতে, পর্যাপ্ত কর্মী নিয়োগ, নিরাপত্তা ব্যবস্থার মহড়া এবং প্রয়োজনীয় পরিচালনাগত প্রস্তুতি সম্পন্ন করার পর জাদুঘরটি পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া উচিত।

Maz
আরও পড়ুন