পরিচ্ছন্ন নগর গড়ার পাশাপাশি প্রান্তিক মানুষের সহায়তায় নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ কর্মসূচির আওতায় বর্জ্য জমা দিয়ে চাল, ডাল, তেল, লবণ, আলু ও টিস্যুসহ প্রয়োজনীয় নিত্যপণ্য নিতে পারবেন নাগরিকরা।
সোমবার (৩১ আগস্ট) রাজধানীর ৫৫ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ বস্তি সংলগ্ন মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর স্থানীয় বাসিন্দারা বর্জ্য জমা দিয়ে অস্থায়ী স্টল থেকে বিভিন্ন নিত্যপণ্য সংগ্রহ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। নির্দিষ্ট স্থানে বর্জ্য জমা দিলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি জলাবদ্ধতা কমানো সম্ভব হবে।
কর্মসূচিটি নগরজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে গুলিস্তানে একটি স্থায়ী স্টল নির্মাণ করা হবে। পরবর্তী ৩ থেকে ৪ মাসের মধ্যে ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থায়ী স্টল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন, এ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক মানুষকে শুধু সহায়তা নয়, পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশীদার করা হচ্ছে। গত দুই বছরে প্লাস্টিক বর্জ্য বিক্রি করে প্রায় ১ কোটি টাকা আয় হয়েছে, যা দিয়ে প্রায় ৪ লাখ মানুষকে খাবার দেওয়া সম্ভব হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, আগামী এক বছরে ১০০টি ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ১ লাখ কেজি বর্জ্য সংগ্রহের লক্ষ্য রয়েছে।
সরকারি চাকরিজীবীদের বেতন ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব
বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র