রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়কে কোনো হকারকে বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই সঙ্গে নির্দিষ্ট নিয়ম মেনে হকারদের জন্য মতিঝিলে নাইট মার্কেট চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিক্ষা ভবন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক হকারদের সময় থাকতেই স্বেচ্ছায় সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মতিঝিলে অফিস সময় শেষে বিকেল ৪টার পর থেকে নাইট মার্কেট চালু করার পরিকল্পনা রয়েছে। সেখানে হকাররা ব্যবসা করতে পারবেন।
তিনি বলেন, সপ্তাহের সাত দিন সব জায়গায় হকারদের বসার সুযোগ দেওয়া সম্ভব নয়। বিষয়টি হকারদেরও মেনে নিতে হবে। নির্ধারিত নিয়ম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করেই তাদের বসতে হবে।
প্রধানমন্ত্রীর পরিবেশ সুরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে নগরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে উল্লেখ করে আব্দুস সালাম বলেন, পর্যায়ক্রমে রাজধানীর সব ফ্লাইওভারের নিচে গাছ লাগানো হবে।
এ ছাড়া নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য ব্যবসায়ী ও বিভিন্ন অফিসের কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা: তদন্ত চাইলো রেড ক্রিসেন্ট
মুম্বাইয়ের পাথরে লুকিয়ে আছে ৬ কোটি ৬০ লাখ বছরের রহস্য!