বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

রাজধানীর বনশ্রী সোসাইটির কমন ফ্যাসিলিটিজের জায়গা পুনরুদ্ধারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বনশ্রীর ডি-ই অ্যাভিনিউ রোডে বনশ্রী সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক বাড়ির মালিক ও প্লট মালিকগণ।

মানববন্ধনে বক্তারা জানান, সোসাইটির জন্মলাভের পর ইস্টার্ন হাউজিং এখানে প্লট বিক্রি করে বিভিন্ন কমন ফ্যাসিলিটিজ বনশ্রী সোসাইটিকে তথা বনশ্রীর বাসিন্দাদের দিবে এই মর্মে একটি পত্র দিয়েছিল। তারা অন্যান্য কমন ফ্যাসিলিটিজ এর সাথে এলাকার মানুষের চিকিৎসার জন্য একটি হাসপাতাল  হবে। লে আউট প্ল্যানে সুনির্দিষ্টভাবে লেখা আছে একটি হাসপাতাল হবে এবং একটি কমিউনিটি ক্লিনিক হবে। এই জায়গাটি একদম খালি ছিল। 

বক্তারা আরও জানান, এই জায়গায় বনশ্রীর বাসিন্দাদের ছেলেমেয়েরা ফুটবল খেলত। এইজন্য অনেকের ধারণা যে এটা খেলার মাঠ। কিন্তু বিগত এক মন্ত্রীর হাত ধরে লাঠি ঘুরিয়ে জায়গা দখল করে। আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করেছি। এই জায়গার দখল স্বত্ব ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছি। 

কিন্ত কিছু প্রতিষ্ঠান ও ব্যাক্তি আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। এই কর্তৃত্ব মেনে নেব না। আমরা এখানে, ধাক্কাধাক্কি করব না। বাড়ির মালিকেরা আইনের পথে হাঁটবে। সুনির্দিষ্টভাবে হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিকের জায়গা থাকার পরে বিক্রির অনুমতি কে দিয়েছে? এই জায়গায় কিভাবে প্ল্যান পাস হয়?

বনশ্রী সোসাইটির সভাপতি শাহাবুদ্দিন শিকদার জানান, আমাদের এখানে বড়সড় একটা বাণিজ্যিক ভবন গড়ে উঠছে। এত বড় বিল্ডিংয়ের লোকজন কোথা দিয়ে যাবে? আমাদের জায়গা আইনানুগ পদ্ধতিতে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করছি। আমরা যদি আগামী পনেরো দিনের মধ্যে এই জায়গা ফেরত না পাই, তাহলে সংশ্লিষ্ট আদালতে মামলা করবো। 

 সভাপতি আরও বলেন, আমাদের কোনো বাড়ির মালিক বা তাদের কোনো সন্তানেরা কেউ এই বাণিজ্যিক ভবনে হাত দেবে না। আমরা শক্তি প্রদর্শন করব না। আমরা আইনের পথে হাঁটব এবং আইনের পথে হেঁটে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করব।

AHA
আরও পড়ুন