রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত তা আমলে নিয়ে এ আদেশ দেন। গত ১৯ সেপ্টেম্বর জারি করা আদেশটি শেরেবাংলা নগর থানায় পৌঁছেছে।
নিহত আবু বক্কর সিদ্দিক রাসেল ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। মামলায় জাহিদ হোসেন মোড়লকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাত ৮টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাসেলের ওপর হামলার অভিযোগ ওঠে। হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে ২০ আগস্ট দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় রাসেলের স্ত্রী শিরিন আক্তার শেরেবাংলা নগর থানায় মামলা করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জেরে জাহিদ হোসেন মোড়ল তাঁর স্বামীর ওপর আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। তাঁকে শায়েস্তা ও হত্যার উদ্দেশ্যে জাহিদ মোড়ল অন্য আসামিদের সঙ্গে পরিকল্পনা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।
এজাহার অনুযায়ী, ১৩ আগস্ট রাতে রাসেল হাসপাতালের সামনে অবস্থান করার সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালান। জাহিদ হোসেন মোড়লের নির্দেশে অন্য আসামিরা সামুরাই, চাপাতি ও লোহার রড নিয়ে হামলা করেন বলে অভিযোগ করা হয়েছে।
মামলার বাদীর অভিযোগ, হামলার একপর্যায়ে মনির হোসেন শান্ত সামুরাই দিয়ে রাসেলের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চেষ্টা করেন। আত্মরক্ষার চেষ্টা করলে তাঁর হাতে আঘাত লাগে। পাপ্পু নামে আরেক আসামি চাপাতি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরাও তাঁকে বিভিন্নভাবে মারধর ও আঘাত করেন বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, রাসেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাঁকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
মামলায় জাহিদ হোসেন মোড়ল ছাড়াও পিচ্চি রাকিব, জহিরুল ইসলাম বিপ্লব, পিচ্চি জুয়েল, মনির হোসেন, মনির হোসেন শান্ত, পাপ্পু, আসাবুর রহমান, লিমন, মামা সাইফুল, সোহেল, সুজন ওরফে কালা সুজন, আল আমিন, ছোট ফেরদৌস, জাফর, জসিম, ইমরান, খাইরুল, ইমরান হোসেন বায়েজিদ, উজ্জল, জীবন ও ফেরদৌসকে আসামি করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮
ঢাকা থেকে বিভিন্ন জেলার বাসভাড়ার তালিকা প্রকাশ