ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের নিরাপত্তামূলক মহড়া অনুষ্ঠিত

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ এএম

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মহানগরীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।

 

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিং শেষে এই মহড়া অনুষ্ঠিত হয়।

 

মহড়ায় অত্যাধুনিক রোবটের সহায়তায় বোমা নিষ্ক্রিয় করার কৌশল প্রদর্শন করা হয়, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মানুষের জানমালের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। কোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলা ও তাৎক্ষণিক সাড়াদানের প্রস্তুতি হিসেবে এই মহড়ায় বম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট (সোয়াট) এবং ডগ স্কোয়াড (কে-নাইন) অংশ নেয়।

 

মহড়ায় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। 

 

এছাড়া আরো উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো: আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ ওসমান গণি-সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত