কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ’ নামের একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ড ঘটে।
নিহতদের মধ্যে ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুল নামে ব্যক্তির পরিবারের ৬ সদস্য রয়েছেন। তারা হলেন- মেলিতা মেহেজাবিন আলভি, নাবিলা, মালিহা, মিলা, জেরিফ ও ফাইজান।
এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তারা হলেন- মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০), সামিদা (৩২), নাফিজা নওয়ার খান (২৯) ও সাহাবুদ্দিন (৩১)।
বেলা ১১টার দিকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, ওই রিসোর্টে ২৭ জনের এন্ট্রি ছিল, এর মধ্যে ৯ জন রিসোর্টের বাইরে ছিলেন। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়।
দুপুরে মোরশেদ নামে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা ১০টি মরদেহ উদ্ধার করেছি। এছাড়া আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এর মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, হতাহতরা সবাই পর্যটক ছিলেন। ধারণা করা হচ্ছে- রিসোর্টের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত। কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।
বসুন্ধরা গ্রুপের সহায়তায় আত্মনির্ভরশীল হওয়ার পথে ১০০ নারী
যুক্তরাষ্ট্রের ফাঁপা প্রতিশ্রুতিতে পরমাণু সক্ষমতা ছাড়বে না ইরান