পটুয়াখালীর মির্জাগঞ্জে লালন-পালন করা আলোচিত সেই বিশালাকৃতির ষাঁড় ‘কালো মানিক’ অবশেষে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৪ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে সিলেটের এক শৌখিন ব্যবসায়ী গরুটিকে কিনে নেন। ১৮০০ কেজি ওজনের এই কালো মানিককে ঘিরে গত কয়েক দিন ধরে পটুয়াখালী থেকে ঢাকা পর্যন্ত ব্যাপক কৌতূহল বিরাজ করছিল।
খামারি সোহাগ মৃধা জানান, গরুটির দাম শুরুতে ২২ লাখ টাকা চাওয়া হলেও সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে ২০ লাখ টাকায় এটি বিক্রি করা হয়েছে। বিক্রির পর ক্রেতা ফাহিম খামারি সোহাগ মৃধাকে তাঁর পরিবারসহ সিলেটে আমন্ত্রণ জানিয়েছেন এবং বর্তমানে তারা সিলেটেই অবস্থান করছেন।
এই গরুটির একটি বিশেষ রাজনৈতিক ও আবেগীয় ইতিহাস রয়েছে। গত বছর কোরবানির সময় কৃষক সোহাগ মৃধা তার প্রিয় এই কালো মানিককে বিএনপির তৎকালীন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে দিতে ঢাকায় নিয়ে এসেছিলেন। তবে বেগম খালেদা জিয়া উপহারটি সাদরে গ্রহণ করলেও কৃষক পরিবারের সচ্ছলতা ফেরাতে গরুটি আবার সোহাগ মৃধাকেই উপহার হিসেবে ফিরিয়ে দেন। সেই থেকে এটি ‘খালেদা জিয়ার উপহার দেওয়া গরু’ হিসেবে দেশব্যাপী পরিচিতি পায়।
দীর্ঘ সাত বছর ধরে পরম মমতায় কালো মানিককে বড় করা সোহাগ মৃধা বলেন, ‘২০ লাখ টাকায় গরুটি বিক্রি করতে পেরে আমি অত্যন্ত খুশি। এই টাকার একটি অংশ দিয়ে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করব। বাকি টাকা দিয়ে একটি আধুনিক গরুর ফার্ম তৈরি করব, যাতে নিজের পরিবারের সচ্ছলতা চিরস্থায়ী হয়।’
সোহাগের স্ত্রী সুলতানা বেগম জানান, নিজের সন্তানের মতো পালন করা গরুটি বিক্রি হওয়ায় কিছুটা খারাপ লাগলেও ভালো দাম পাওয়ায় তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হয়েছে। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি হাটে আসা দর্শনার্থীদের কাছেও শেষ মুহূর্ত পর্যন্ত মূল আকর্ষণ ছিল এই বিশালদেহী ‘কালো মানিক’।
খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ এখন কোরবানির হাটে, সাথে ছাগল ফ্রি