চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সি এক বৃদ্ধকে পুলিশে দিয়েছে জনতা। তিনি পেশায় একজন মুদি দোকানি।
মঙ্গলবার (২ জুন) বিকেলে হালিশহর আবাসিক এলাকার বি-ব্লক পাবলিক স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি আইসক্রিম কিনতে এলাকার একটি মুদির দোকানে যায়। এ সময় দোকানে কেউ না থাকার সুযোগে ওই বৃদ্ধ দোকানদার শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। ওই শিশু ঘটনাটি তার পরিবারকে জানালে এলাকার জনগণ উত্তেজিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে ঘেরাও করে রাখেন। পরে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে এসে বৃদ্ধকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আলমগীর হোসেন জানান, একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগের তথ্য পেয়ে জড়িত সন্দেহে একজনকে হালিশহর এলাকা থেকে থানায় আনা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।