ব্রাহ্মণবাড়িয়ায় চোরের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ। গ্রাম থেকে জেলা শহর, স্বস্তি নেই কোথাও। দিন দুপুরে বিদ্যুতের তার, এসির কপার পাইপ, বাসা-বাড়ির জানালা, সিড়ি কোঠা, এমনকি টয়লেটের উইনডোর গ্লাস চুরি হয়ে যাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে ভাংগারির দোকানে বিক্রি হচ্ছে এসব মালামাল। কিন্তু এসব দোকান বা চোর ধরতে পুলিশের কোনো পদক্ষেপ না থাকার অভিযোগ উঠেছে।
সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের খাদেম বাড়ির ৯টি ঘরের বিদ্যুতের তার চুরি হয় একদিনে। কোরবানীর ঈদের ২ দিন আগে এই চুরির ঘটনা ঘটে। এক সপ্তাহের মধ্যে দু’বার তার চুরি হয় খাদেম বাড়ি থেকে। গ্রামের খাঁ বাড়ির ৩ ঘর, পাঠানবাড়ির ৫ ঘর এবং দক্ষিন খাঁ বাড়ির দুটি ঘর থেকে গত শুক্রবার রাতে তার চুরি হয়। দেওড়া বাজার থেকে এর আগে বৃহস্পতিবার রাতে ৫ দোকানের তার চুরি হয়।
গ্রামের ইয়ার খান জানান, নেশার উপদ্রব বেশী। মাদকাসক্তরাই রাতে এসব চুরি করে। প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে।
নবীনগরের বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামেও বিদ্যুতের তার চুরির হিড়িক পড়েছে। প্রায় ২ মাসে ৩০/৩৫ বাড়ির তার চুরি হয়।
স্থানীয় সুত্র জানায়, গ্রামে দিনদুপুরে বাসাবাড়ির তার চুরি হচ্ছে। জালশুকা মোল্লাবাড়ির প্রয়াত চেয়ারম্যান হুমায়ুন, মিজানুর রহমান, মহিন, তামিম, রিজেন, বেলাল মোল্লা, ফরদি বাড়ির মো. আলম, খন্দকার বাড়ির নূরুজ্জামান, সিদ্দিক, ইলিয়াছ, বাচ্চু, খাঁ বাড়ির আবু, বাবু, আওলাদ আলী, রহমত আলী, শামসু মাষ্টার বাড়ির টোটন, মধ্যপাড়ার বাতেন, কাদির, জাহাঙ্গীর, হেলাল, নূরে আলম ও আউয়ালের বাড়ির বিদুৎতের তার চুরি হয় গত এই কয়েক মাসে।
এসব চুরির সাথে গ্রামের চিহ্নিত মাদকসেবী অরুন কর্মকারের ছেলে প্রন্ত কর্মকার, মৃত কাশেমের ছেলে সাগর ও রবিউল্লাহর ছেলে হিরন জড়িত বলে অভিযোগ গ্রামবাসীর।
ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান জানান, ৬ মাস ধরে তার চুরির ঘটনা বেড়েছে। এতে নেশাখোরদের হাত রয়েছে বলে তার অভিযোগ।
জালশুকা গ্রামে ৮/১০ জন মাদকসেবী রয়েছে। শহরের দাতিয়ারা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ে ঈদের আগে-পরে দু’বার চুরির ঘটনা ঘটেছে। গত ২৪শে মে ট্রেজারারের রুমের একটি এসির আউটডোর ইউনিটের সবকিছু খুলে নিয়ে যায় চোর। অডিটরিয়ামের দুটি জানালার থাইগ্ল্যাসও চুরি হয় সে সময়। ঈদের পর কনফারেন্স রুমের দুটি এসি চুরির জন্য খুলে ফেললেও নৈশপ্রহরী সজাগ হয়ে যাওয়ায় তা নিতে ব্যর্থ হয়।
বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা বলেন, চুরির ঘটনা বারবার ঘটতে থাকায় তারা উদ্বিগ্ন। থানায় অভিযোগ করার পর পুলিশ এসেছিলো বলে জানান তিনি।
চুরি হয়েছে জেলা পরিষদ কার্যালয়ের একটি এসির কপার পাইপ। পার্শ্ববর্তী পরিবার পরিকল্পনা অফিসে কয়েক মাস আগে প্রায় ৭০ হাজার টাকা মুল্যের জেনারেটরের তার এবং পানির মোটরের তার চুরি হয়। তখন থানায় জিডি করা হয়। চুরি যাওয়া তারের সংস্থান না হওয়ায় বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা নেই অফিসে।
জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্র গুলোতে প্রায়ই চুরির ঘটনা ঘটছে বলে জানান এক কর্মকর্তা। ফ্যান, দরজা-জানালা খুলে নেয়া হচ্ছে। একেক জায়গায় একেক রকম মালামাল চুরির ঘটনা ঘটেছে। থানায় জিডি, ইউএনওকে জানালেও কোন প্রতিকার মিলছেনা। জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তার অফিসের পানির মোটর চুরি হয়েছে। শহরের ধীরেন্দ্রনাথ দত্ত পাঠাগার চত্বরে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের কার্যালয়ের এসির গ্যাস পাইপ চুরি হয়। এছাড়া শিল্পকলা একাডেমীর এসির গ্যাস পাইপও চুরি হয়।
শহরের একজন এসি মেকানিক ইয়াকুব জানান, গত ১৫দিনে সে চুরি হয়ে যাওয়া ১০টি এসির কপার পাইপ স্থাপন করেছে।
পুনিয়াউট নয়নপুরে শরীফ মিয়ার অটো গ্যারেজ, ওয়াসিম মিয়ার মোরগের খামারের বিদ্যুতের তার চুরি হয় ঈদের পর। সদর উপজেলার সুহিলপুরে শাহজাহান মাষ্টারের বাড়ি থেকে পানির মোটর চুরি হয়। কল ও কলের মাথা, বিদ্যুতের তার চুরি হচ্ছে এই গ্রামে প্রতিদিন। ঈদের ছুটিতে বাড়িতে থাকা জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আমিনা ফারহিনের শহরের মৌলভীপাড়াস্থ ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে ৩০ মে। চোর ফ্ল্যাটের ভেতর ঢুকে দুটি আলমারীর সব মালামাল নিয়ে যায়। এছাড়া শহরের বিভিন্ন বাসা বাড়ি থেকে থাই গ্লাস চুরি হচ্ছে। শহরের টানবাজারের ব্যবসায়ীরা নিয়ন্ত্রহীন চুরি ছিনতাইয়ের ঘটনায় বিক্ষোভ সমাবেশ করেছেন। মোট কথা জেলার সর্বত্র চুরির মহোৎসব চলছে।
এদিকে বিশ্বরোড, সুহিলপুর, নন্দনপুর ও বিশ্বরোডসহ জেলার বিভিন্নস্থানে ভাংগারি ব্যবসা রয়েছে। অভিযোগ সেখানকার ভাংগারি দোকানে নির্বিঘ্নে বিক্রি হচ্ছে চোরাই তামার তার, এসির গাইস পাইপ, থাই গ্ল্যাসসহ চোরাই বিভিন্ন মালামাল।
এ বিসয়ে জেলার পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ বলেন, তাদের অভিযানে মাদক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় মাদক ব্যবসায় জড়িত এবং মাদকাসক্তরা অর্থের জন্য চুরি করছে। প্রতিদিনই এদের গ্রেফতার করা হচ্ছে। ভাংগারি ব্যবসায়ী কারা এসব মালামাল ক্রয়ের সাথে জড়িত তাদের তালিকা করে অভিযান চালানো হবে।
চুয়াডাঙ্গায় ব্যারাক থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
দুর্গম চিম্বুলুই সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে
নোয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, মোটরসাইকেল-কার্যালয়ে আগুন