নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন পানিপাড়ায় অবস্থিত ‘অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব’-এ পর্যটক, দর্শনার্থী ও গলফপ্রেমীদের সুবিধার জন্য অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের নবনির্মিত ‘দ্বীপকুঞ্জ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।৬ ও ৭ বছর বয়সি দুই শিশু আয়াত ইমরান শিযা ও আয়রা ইমরান সিহা যৌথভাবে স্থাপনাটির ফলক উন্মোচন করে।
রোববার (১৯ জুলাই) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে ‘দ্বীপকুঞ্জের উদ্বোধন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ ও নেতৃত্ব বিকাশের প্রতীক হিসেবে শিশুদের দিয়ে এই ব্যতিক্রমী উদ্বোধনের আয়োজন করা হয়।
রিসোর্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইরফান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ট্রিয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য খবির উদ্দিন আহমেদ। এ সময় ক্লাবের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার খুদে গলফাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খবির উদ্দিন আহমেদ বলেন, শৈশব থেকেই নেতৃত্বের বীজ রোপণ করা প্রয়োজন। আজকের এই শিশুরাই আগামী দিনে দেশ ও সমাজের উন্নয়নে নেতৃত্ব দেবে। আন্তর্জাতিক মানের আবাসন ও প্রকৃতিনির্ভর পরিবেশ নিশ্চিতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই ‘দ্বীপকুঞ্জ’ যুক্ত করা হয়েছে।

সভাপতির বক্তব্যে ইরফান আহমেদ বলেন, পরিবার ও করপোরেট অতিথিদের প্রকৃতির সান্নিধ্যে স্মরণীয় ও ব্যতিক্রমী অভিজ্ঞতা দেওয়াই তাদের মূল লক্ষ্য।
উদ্বোধন শেষে অতিথিরা ‘দ্বীপকুঞ্জ’ পরিদর্শন করেন এবং এর নান্দনিক স্থাপত্য নকশা, প্রাকৃতিক সৌন্দর্য ও সুসজ্জিত সুযোগ-সুবিধার ভূয়সী প্রশংসা করেন।
বরিশালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
টঙ্গীর বস্তিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪০