টিসিবির গোডাউনে আগুন : ভ্যানচালকের পোড়া লাশ উদ্ধার

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:১৬ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় টিসিবি পণ্যের একটি ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নেভানোর পর ভেতরের স্থান থেকে নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের পোড়া লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ঘটনাটি ঘটে উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারের একটি টিসিবি গোডাউনে। 

নিহত নয়ন স্থানীয় আব্বাসের ছেলে বলে জানা গেছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল জানান, রাত আনুমানিক ৯টার দিকে গোডাউনে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে নাচোল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ডাল, তেল ও চিনিসহ বেশ কিছু পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটেছিল।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের ঝলসে যাওয়া লাশ উদ্ধার করা হয়।

নাচোল থানার ওসি জানান, মূলত আগুন নেভানোর উদ্দেশ্যে ভেতরে ঢুকে মারা যান ওই তরুণ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তথ্যসূত্র (Source): নাচোল থানা পুলিশ এবং নাচোল ও চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন।

HN
আরও পড়ুন