পটুয়াখালীর রাঙ্গাবালীতে নদীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতে দুই জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় ট্রলারে থাকা আরও ৩ জন জেলে গুরুতর আহত হন।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুফানিয়া ও চরহেয়ারের মাঝামাঝি বুড়াগৌরাঙ্গ নদীতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নদীতে জাল ফেলার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ট্রলারে থাকা পাঁচজনই আহত হন।
নিহতরা হলেন রাঙ্গাবালী সদর ইউনিয়নের যুগিরহাওলা গ্রামের ইমন খাঁ (২২) ও একই গ্রামের শাকিব শিকদার (২৩)। আহতদের উদ্ধার করে দ্রুত রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সাইদুল প্যাদা ও রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল ও নিহত জেলেদের বাড়িতে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।
কালিয়াকৈরে শিয়ালের কামড়ে আহত ২৫