চিকিৎসক ছাড়া সিজার, লালপুরে নবজাতকের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ এএম

নাটোরের লালপুরে চিকিৎসক ছাড়া সিজারিয়ান অপারেশন করানোর অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। এতে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে হাসপাতালের মালিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার মুক্তার জেনারেল হাসপাতালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ভুক্তভোগী প্রসূতি মিম আক্তার পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঝাউদিয়া এলাকার রাজিব হোসেনের স্ত্রী।

স্বজনদের অভিযোগ, সকালে প্রসূতিকে ভর্তি করা হলে চিকিৎসকরা শিশুটিকে স্বাভাবিক জানান। পরবর্তীতে জুমার নামাজের সময় চিকিৎসক বাইরে থাকার সুযোগে নার্সরা তড়িঘড়ি করে অপারেশন থিয়েটারে সিজার সম্পাদন করেন।

কয়েক মুহূর্ত পর স্বজনদের জানানো হয়, মৃত সন্তান প্রসব হয়েছে। চিকিৎসক ছাড়া সিজারিয়ান অপারেশন করায় নবজাতকের মৃত্যু হয়েছে দাবি করে ঘটনার সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন প্রসূতির পরিবার।

হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন ঘটনার সময় উপস্থিত না থাকার কথা জানান। তবে তিনি চিকিৎসক ছাড়াই অপারেশন করার অভিযোগটি অস্বীকার করেন। তাঁর দাবি, অপারেশনের সময় দায়িত্বপ্রাপ্ত ডাক্তার উপস্থিত ছিলেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

এইচএন
আরও পড়ুন