সরাইলে জমি থেকে ঘাস কাটা নিয়ে তর্ক, টর্চ জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৭ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে দু’পক্ষের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। 

 

মঙ্গলবার (২০ অক্টোবর) জমি থেকে ঘাস কাটা নিয়ে তর্কাতর্কির জের ধরে উপজেলার সদর ইউনিয়নের বড্ডাপাড়া গ্রামের দক্ষিণপাড়া ও একই গ্রামের উত্তরপাড়ার লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বড্ডাপাড়া গ্রামের দক্ষিণপাড়ার আলমগীর ও একই গ্রামের উত্তরপাড়ার ফারুক মিয়ার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে জমি থেকে ঘাস কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও তর্কাতর্কি হয়। এ ঘটনায় একই দিন সন্ধ্যা ৭টার দিকে বিবাদমান বিষয়টি মীমাংসার চেষ্টা করেন স্থানীয়রা। কিন্তু সালিস অমান্য করে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টর্চলাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। দেড় ঘণ্টাব্যাপী চলমান ওই সংঘর্ষে সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। আহতদের স্থানীয় সরাইল হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত