পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ এএম

পাবনায় বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে এই তথ্য জানা গেছে।

নিহত ব্যক্তিরা হলেন শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে নয়ন মিয়া (২০) এবং একই এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে সেলিম মাহমুদ (৪০)।

স্থানীয়রা জানান, জালালপুর-গয়েশপুর সড়কে দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় দুই বাইকের চার আরোহীই মারাত্মকভাবে আঘাত পান।

দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এইচএন
আরও পড়ুন