রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে একটি চলন্ত বাসে পেট্রোলবোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ডলার (৩৫) নামে একজন বিএনপি কর্মীকে আটক করে পুলিশ।
রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার উদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজশাহী থেকে শিমু নূর তাজ পরিবহনের বাসটি যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। এসময় চারজন হেলমেট পরিহিত ব্যক্তি দুটি মোটরসাইকেলে বাসটির পেছনে যায়। পরে চলন্ত বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে আগুন ধরে গেলে বাসটি থামিয়ে দেন চালক। তখন দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন দেয়ার সময় এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। বাকিরা দ্রুত পালিয়ে যাওয়ায় লোকজন তাদের চিনতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

