নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম আল আমীন (৩২)। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নে চক বিষ্ণুপুর কলোনি মোড় এলাকার সিদ্দিকের ছেলে।
এদিকে, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্তে ৯২৩ নম্বর সীমান্ত পিলারের কাছে বিএসএফের গুলিতে লিটন মিয়া (১৮) নামে এক বাংলাদেশি কিশোর আহত হয়েছে।
নওগাঁ:
পরিবারের বরাত দিয়ে নিতপুর ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক জানান, সোমবার বিকেলের দিকে আল আমীন বাড়ি থেকে বের হন। এরপর ভোর রাতের দিকে স্থানীয় কিছু লোকজন জানান ভারতের অভ্যন্তরে আল আমীনকে গুলি করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। আল আমীনের মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান জানান, ভোরের দিকে ভারতে অভ্যন্তরে একটি ফায়ারিংয়ের শব্দ পায় বিজিবি। ঘটনাটি সীমান্ত এলাকার ২৩১/২৩২ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে ভারতের কেদারিপাড়ার দিকে ঘটেছে। তবে মারা গেছে কিনা সে বিষয়টি লোকমুখে শুনলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে বিষয়টি জানতে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি ও ফোনে প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষেই বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
লালমনিরহাট:
লালমনিরহাট জেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন মিয়া নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
সোমবার (২৬ মার্চ) রাতে আদিতমারী উপজেলার বিওপি ক্যাম্প সংলগ্ন ৯২৩ নম্বর পিলারের কাছে ভারতের ৭৫ গজ অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত লিটন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোকছেদুল রহমানের ছেলে।
গুলিবিদ্ধ লিটন মিয়াকে পরে ভারতের ভেতরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দীঘলটারী ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সাঈদুর রহমান বলেন, 'লিটন মিয়া ভারত থেকে গরু আনার সময় বিএসএফের গুলিতে আহত হয়েছেন। বিএসএফ সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ভারতে নিয়ে চিকিৎসা দিচ্ছেন। এ বিষয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের কোচবিহার জেলার সিতাই থানার কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা ওই বাংলাদেশি যুবক লিটন মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিটন মিয়ার পায়ে গুলি লাগে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ সদস্য নবিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি) সহ স্থানীয়রা অপেক্ষায় রয়েছেন। কিন্তু ভারতীয় বিএসএফ এখনো লিটনকে ফেরত দেয়নি।
তিনি জানান, শোনা যাচ্ছে লিটনকে ভারতীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে লিটনের বাবা মোকছেদুল ইসলাম বলেন, ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানা কৈমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা আমার ছেলেকে গুলি করেছে।

