বরগুনায় গরু ব্যবসায়ির মাথাবিহীন মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৩:০০ পিএম

বরগুনা উপজেলার গৌরীচন্না খাল থেকে মো. শামীম বেপারী (৪০) নামে এক গরু ব্যবসায়ির মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গৌরীচন্না বাজার সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশের খালের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার হয়। 

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে খালের পাশে রক্তমাখা জামা ও জুতা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় তারা। পরে বরগুনা সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। একপর্যায়ে খালের কচুরিপানার মধ্যে থেকে মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করে । স্বজনরা মরদেহটি শামীমের বলে শনাক্ত করেন।

নিহত শামীমের বাবা মনসুর আলী বেপারী জানান, শামিম গত বোরবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে গৌরীচন্না বাজারে যায়। রাত ১১ টার পরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় খোঁজাখুঁজি শুরু করেন তারা। তবে কি কারণে শামীমকে হত্যা করা হয়েছে বা কারা হত্যা করেছে এ বিষয়ে কিছু বলতে পারেনি তার বাবা। 

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, ‍“সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। হত্যার রহস্য উদঘাটনে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি পৃথকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।”

 

MCH
আরও পড়ুন