বরিশালে সিভিল সার্জনের কক্ষে প্রতীকী তালা, অপসারণের দাবি

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম

বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগের প্রতিবাদ ও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তার কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বিতর্কিত ও অনিয়মের দায়ে শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, যোগদানের শেষ দিন হলেও ডা. মনিরুজ্জামান কার্যালয়ে উপস্থিত হননি। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার নির্ধারিত কক্ষের দরজায় প্রতীকী তালা ঝুলিয়ে দেন।

বিক্ষোভে অংশ নেওয়া সরকারি বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, যার বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ পদে দায়িত্ব দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই একজন বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে দ্রুত সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হোক।

একই কলেজের শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, বরিশালের সাধারণ মানুষ মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার পূর্ণ অধিকার রাখে। বিতর্কিত এই কর্মকর্তাকে অপসারণ করে জনস্বার্থে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে। আমাদের এই আন্দোলন সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্যই।

নাঈম ইসলাম নামে আরেক শিক্ষার্থী বলেন, ফ্যাসিস্ট আমলে তিনি শিক্ষার্থীদের ওপর নানাভাবে নির্যাতন ও জুলুম করেছেন। এমন জুলুমবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাকে আমরা বরিশালের মাটিতে দেখতে চাই না।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা অবিলম্বে ডা. মনিরুজ্জামানের অপসারণ এবং একজন যোগ্য, দক্ষ ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগের জোর দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত