মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশাল বাস চলাচল বন্ধ

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩৫ পিএম

মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থ্রি-হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল থেকে দূরপাল্লাসহ সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকরা। এতে নথুল্লাবাদ বাস টার্মিনালে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সোমবার ( ২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের বিরোধ চরম আকার ধারণ করে। একপর্যায়ে স্থানীয় প্রভাব বিস্তার করে থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখেন।

খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে দুপুর ১২টা পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

এরপর বেলা সাড়ে ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লাসহ সব অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। সরেজমিনে নথুল্লাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাসের অপেক্ষায় অনেক যাত্রী অবস্থান করছেন। কেউ কেউ বিকল্প পরিবহনের সন্ধান করছেন।

বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দীর্ঘদিন ধরে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তাদের দাবি, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধ না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না।

অন্যদিকে বাস চলাচল বন্ধ থাকায় বরিশাল থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী যাত্রীরা বিপাকে পড়েছেন। দ্রুত বিরোধের সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

MCH
আরও পড়ুন