কর্মস্থলে অনুপস্থিত, বরিশালে দুই ভূমি কর্মচারী স্ট্যান্ড রিলিজ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

কর্মস্থলে অনুপস্থিত থাকায় বরিশালের সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করেছে জেলা প্রশাসন।

বুধবার (৯সেপ্টেম্বর) আকস্মিক পরিদর্শনে গিয়ে তাঁদের কর্মস্থলে না পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।

স্ট্যান্ড রিলিজ হওয়া দুই কর্মচারী হলেন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা ও অফিস সহায়ক মো. মজিবুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে ঝটিকা পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। এ সময় তিনি শিমুল পাইন শান্তা ও মজিবুর রহমানকে কর্মস্থলে পাননি।

নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি দায়িত্বে অবহেলা হিসেবে বিবেচনা করে বিকেলে তাঁদের বদলির আদেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই কর্মচারীকে বদলির মাধ্যমে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

এম সি এইচ
আরও পড়ুন