হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি তহবিলে বন্ধুদের ১৪ লাখ টাকা অনুদান

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি তহবিলে ১৪ লাখ টাকা দিয়েছেন তার স্কুলজীবনের বন্ধুরা।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ২০১৪ ব্যাচের এক পুনর্মিলনী অনুষ্ঠানে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। বন্ধুদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১৪ লাখ টাকার চেক হাসনাত আব্দুল্লাহর হাতে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ কবির ও জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও প্রাক্তন শিক্ষার্থী সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন পর প্রিয় স্কুল প্রাঙ্গণে এসে পুরনো স্মৃতিগুলো সজীব হয়ে উঠেছে। আমাদের বর্তমান অবস্থানের ভিত্তি বা শিকড় এই বিদ্যালয় থেকেই তৈরি হয়েছে। আজ আমরা দেশে-বিদেশে যে যেখানেই প্রতিষ্ঠিত হই না কেন, আমাদের বন্ধন এখনও অটুট।’

তিনি আরও বলেন, ‘স্কুলজীবন শেষ হওয়ার পর বছরের পর বছর পেরিয়ে গেলেও বন্ধুদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আবেগাপ্লুত করেছে। এই ঐক্য ও ভালোবাসা আগামীর পথচলায় আমার বড় শক্তি হয়ে থাকবে।’

DR/SN
আরও পড়ুন