সীতাকুণ্ডে সাত বছরের শিশু জান্নাতুল নাইমা ইরা হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহবুব বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় শিশুটির বাবাকেও আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, শিশুটির বাবাই অভিযুক্তের হাতে তাকে তুলে দিয়েছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই বিভিন্ন সূত্র ধরে অভিযান চালানো হচ্ছিল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সন্দেহভাজন মাহবুব বাবুকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে শিশুটির বাবাকেও হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করবেন বলে জানানো হয়েছে। সেখানে ঘটনার পেছনের কারণ, গ্রেপ্তার প্রক্রিয়া ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য দেওয়া হবে।
এর আগে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়ার তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু ইরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত আসামি গ্রেপ্তারের দাবি জানায় পরিবার ও স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

